বাংলাদেশ-যুক্তরাজ্য উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও এভিয়েশন খাতে সহযোগিতার আশ্বাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে লন্ডনে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্টের সাথে এই বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে বাংলাদেশের ব্লু ইকোনমি (নীল অর্থনীতি) খাতে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধি, বিশ্ববাজারে 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ডের প্রসার এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। এছাড়া শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও (WTO) মন্ত্রীপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে দুই দেশ নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মত হয়েছে।
একই দিনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ডনকাস্টারের ব্যারোনেস রোজি উইন্টারটন। এই বৈঠকে মূলত: বাংলাদেশের এভিয়েশন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটিশ প্রতিনিধি দল।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে ২০২৭-২০৩৬ মেয়াদে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদের ব্রিটিশ প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। তিনি তার প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান বর্তমানে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্যে সরকারি সফরে রয়েছেন। এই সফর দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
Comments