জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ, হোম অফিস ও সাপ্তাহিক বন্ধ বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কায় পাকিস্তানে জরুরি ভিত্তিতে কঠোর সাশ্রয়ী পদক্ষেপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার (৯ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান সশরীরে না করে অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি খরচ কমাতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাসা থেকে 'হোম অফিস' করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অফিসগুলোতে বিদ্যুৎ ও তেলের ব্যবহার কমাতে সপ্তাহে অতিরিক্ত একদিন ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল আন্তর্জাতিক বাজারে চার বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর পাকিস্তান সরকার এই ব্যবস্থা নিল।
শেহবাজ শরিফ তাঁর ভাষণে বলেন, পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং পরিবহন ব্যবস্থা মূলত মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। চলমান অস্থিরতায় সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকায় জ্বালানি বাঁচাতে এই পদক্ষেপগুলো অপরিহার্য হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের গাড়িতে তেলের বরাদ্দ কমানোর পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসে নতুন এসি, ফার্নিচার বা অন্যান্য বিলাসদ্রব্য কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়া বাজেট সাশ্রয় করতে প্রধানমন্ত্রী নিজে এবং অন্য সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাকিস্তানের অর্থনীতিকে সম্ভাব্য ধস থেকে রক্ষা করতেই এই 'কঠোর সিদ্ধান্ত' নেওয়া হয়েছে বলে ভাষণে উল্লেখ করা হয়। সরকারের এই নতুন নিয়মগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
Comments