ইউরোপে ১০ লাখ কর্মীর হাতছানি: প্রয়োজন দক্ষ জনশক্তি ও সরকারি উদ্যোগ
ইউরোপের শ্রমবাজারে প্রায় ১০ লাখ দক্ষ কর্মীর বিশাল চাহিদা তৈরি হয়েছে। অবৈধ পথে জীবন বিপন্ন না করে, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। সম্প্রতি ইতালির রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইতালি-বাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।
স্বপ্নের দেশ ইউরোপ। যেখানে বর্তমানে দক্ষ জনশক্তির জন্য হাহাকার। আইটি থেকে শুরু করে হেলথ কেয়ার—সব খানেই প্রয়োজন লাখো কর্মী। এই বিশাল সুযোগকে কাজে লাগিয়ে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি।
ইতালির রাজধানী রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে ইউরোপীয় শ্রমবাজারের বর্তমান চিত্র। ইতাল-বাংলা সমিতি এবং বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন জানান, প্রায় ১০ লাখ কর্মীর এই চাহিদাকে কাজে লাগাতে প্রয়োজন একটি সুদূরপ্রসারী 'মাস্টার প্ল্যান'।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপের অন্তত ১০টি দেশে আইটি ও ডিজিটাল সেক্টর, হেলথ কেয়ার, ট্যুরিজম, কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার খাতে বাংলাদেশের দক্ষ কর্মীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে প্রধান বাধা—অবৈধ পথে যাওয়ার প্রবণতা।
বক্তারা মনে করেন, বর্তমান প্রবাসীবান্ধব সরকারের সরাসরি সহযোগিতা এবং তৃণমূল পর্যায়ে উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সেই লক্ষ্যে সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি।
আলোচনায় শুধু কর্মসংস্থানই নয়, প্রবাসীদের অধিকারের বিষয়গুলোও গুরুত্ব পায় সংবাদ সম্মেলনে। দাবি ওঠে প্রবাসী প্রতিনিধি নির্বাচনসহ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে একজন প্রবাসী নারী প্রতিনিধির।
ইউরোপের এই বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার। তবে এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায় থেকে কার্যকর 'মাস্টার প্ল্যান'। যার ফলে দালালদের প্রলোভন উপেক্ষা করে কর্মীরা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলবেন।
Comments