শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি আমার : বুবলী
অভিনেতা শাকিব খান–এর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা স্পষ্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে তাঁর নতুন করে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত 'বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে' শীর্ষক পডকাস্টে অতিথি হিসেবে অংশ নেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান তাঁর কাছে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, "শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।"
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তবে নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী উল্লেখ করেন, ম্যারিটাল স্ট্যাটাসে সাধারণত বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা—এই পরিচয়গুলো থাকে; এখানে 'অতীত' বলে কোনো আলাদা অপশন নেই।
শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে বুবলী জানান, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা মিটেও যায়। তিনি জোর দিয়ে বলেন, "আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম। পডকাস্টটিতে বুবলী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আরও নানা বিষয়ে কথা বলেন। শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা ছাড়াও নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ায় প্রচলিত বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেন তিনি।
Comments