ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সেনাবাহিনীর হস্তক্ষেপ
ঢাকা-৮ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ভোটকেন্দ্রে 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটোয়ারী 'বহিরাগতদের' নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা হয়।
ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রায় ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং সেনা পাহারায় পাটোয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি-সমর্থক কয়েকজন ভোটার অভিযোগ করেন, বহিরাগত ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে পাটোয়ারী কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাটোয়ারীর বক্তব্য পাওয়া যায়নি।
Comments