বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর আটক
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলালউদ্দিনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসব টাকা মেশিনে গণনা চলে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
এসপি জাহিদুল ইসলাম আরও জানান, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৪০ লাখ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে। এ অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে এ বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Comments