মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও–হাইকমিশনের আলোচনা
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর শ্রীলঙ্কা ও মালদ্বীপের কান্ট্রি ডিরেক্টর জনি সিম্পসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
বৈঠকে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কারিগরি সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা হয়। আইএলও কান্ট্রি ডিরেক্টর জানান, মালদ্বীপে শ্রমিকের চাহিদা রয়েছে এবং দক্ষ বাংলাদেশি শ্রমশক্তি এ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে আইএলও সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
হাইকমিশনার বলেন, শ্রমিকদের অনেক সমস্যার সমাধানে বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলও'র মধ্যে ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো গঠনের সম্ভাবনাও আলোচনা হয়।
বৈঠকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, ন্যূনতম মজুরি এবং আইএলও নীতিমালার সঙ্গে মালদ্বীপের শ্রমনীতির সমন্বয়ের বিষয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই বাংলাদেশি শ্রমিকদের স্বার্থে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments