বাউফলে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে রবিবার (৮ ফেব্রুয়ারী ) রাত আনুমানিক ২টার দিকে। সূর্যমণি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির ওই নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের বিকট শব্দে পাশের বাড়ির লোকজন ঘুম থেকে জেগে ওঠে। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হাওলাদার জানান, বিএনপির কার্যালয়ের কাছেই সোহাগ
কাজীর বাড়ি। তিনি বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। এ বিষয়ে সূর্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হাওলাদার অভিযোগ করে বলেন, "এই
অগ্নিসংযোগের ঘটনা জামায়াত-শিবিরের কর্মীরা ঘটিয়েছে। এই ইউনিয়নে তাদের ভোট না থাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছে।" তিনি প্রশাসনের কাছে সূর্যমণি ইউনিয়নের ভোটারদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, "খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Comments