জামায়াত ক্ষমতায় এলে সাইদী, আবরার ফাহাদ ও হাদী হত্যাকাণ্ডের বিচার করা হবে
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কুরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আবরার ফাহাদ ও ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমীর বলেন, "এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে একটি ভোট এবং একটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জামায়াত ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত সকলের বিচারের ব্যবস্থা করা হবে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের মনোনীত প্রার্থীদের জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, "বাংলাদেশের অতীতে ভোটের সংস্কৃতি ছিল, একজনের ভোট অন্যজনের নামে প্রদান করা হতো, তা আর চলবে না। আগামী নির্বাচনে প্রত্যেকে নিজের ভোট নিজেই দেবেন। তবে কেউ যদি ভোট চুরি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, জামায়াত তা মেনে নেবে না। শক্তিশালী হোক বা না হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।"
নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভোটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগেভাগেই ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান। শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে দেশের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা ফিরিয়ে এনে দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্যই জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, "বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং যোগ্যতার ভিত্তিতে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"
শফিকুর রহমান আরও জানান, "আগামী নির্বাচনে ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। এ ন্যায়বিচার এমন যেখানে সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই সমানভাবে বিবেচিত হবেন।"
জনসভায় জামায়াতের পিরোজপুর জেলা কমিটির আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ড. শামীম হামিদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Comments