নির্বাচনের দিন বেশিসংখ্যক মেট্রো ট্রেন চলবে, বন্ধ থাকবে কয়েকটি স্টেশন
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার অতিরিক্ত মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চারদিনের ছুটি মিলেছে। তবে এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানান তিনি।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতে মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট চালু থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গত ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।
এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
Comments