নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি
অভিবাসীদের স্বপ্নের দেশ ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বছরের বাজেটের অংশ হিসেবে এ-সংক্রান্ত আইন অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে দেশটিতে বসবাসরত বৈধ অভিবাসীরা একাধিক নতুন সুবিধা পাবেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল করা হবে।
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে নাগরিকত্ব পেতে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমে আসবে। ডিজিটাল ট্রান্সফরমেশন প্রকল্পের কাজ শুরু হওয়ায় চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুফল পেতে পারেন।
নতুন আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটাল সিস্টেমে স্থানান্তর করা হচ্ছে। আগে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ফাইল ঘুরতে ঘুরতে কয়েক বছর সময় লেগে যেত। এখন জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর)-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ভেরিফিকেশন শুরু হবে।
ইতালিতে টানা ১০ বছর বা তার বেশি সময় বৈধভাবে বসবাসকারী আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার সঠিক মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে। এতে ডাটা যাচাই আরও দ্রুত হবে এবং অযথা ফাইল আটকে থাকার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ সালের নতুন বাজেট আইনে বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই ধরনের অনেক ঘোষণার ক্ষেত্রে ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে, যা অভিবাসী পরিবারগুলোর জন্য বড় স্বস্তির খবর।
ইতালি সরকারের 'ইতালিয়া ডিজিটাল ২০২৬' প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে এই সিস্টেম পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে। তখন আবেদনকারীরা স্পিড বা সিআইই (SPID/CIE) ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে একই সুবিধা পাসপোর্ট আবেদনকারীদের জন্য চালু ছিল।
স্থানীয় অভিবাসীদের মতে, নতুন করে ইতালিতে আসতে ইচ্ছুক বা সিজনাল ভিসায় নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য এই আইন একটি বড় সুযোগ। ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশের মূলধারায় যুক্ত করতে আগ্রহী—এ উদ্যোগ তারই প্রতিফলন।
Comments