আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে বলেছেন, 'আমি আগে ক্রিকেট খেলতাম এবং বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, এখন রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।'
তিনি বলেন, 'আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?'
সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, 'সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সেইভাবে উন্নত হয়নি।'
তিনি বলেন, 'বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।'
মির্জা ফখরুল বলেন, 'তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে পানির হিস্যা আদায় করা হবে।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।
Comments