র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থা সংস্কারের সুপারিশ
গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন সময়ে অপব্যবহার করার কথা তুলে ধরে গুম-সংক্রান্ত কমিশন দেশের প্রতিটি গোয়েন্দা সংস্থাকে সংস্কার করতে সুপারিশ করেছে। কমিশন বলছে, গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, কারণ তারা ক্ষমতার অংশ হতে চায়। তাদের অপব্যবহার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে গুম কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনা তদন্তে গঠিত এ কমিশন গত রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গুম কমিশনের প্রধান বলেন, এস আলমের পক্ষে ডিজিএফআই গিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে। এটা কি ডিজিএফআইর কাজ ছিল? মিডিয়া হাউস দখল করা কি কোনো গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইর কাজ?
তিনি আরও বলেন, আগের সরকারগুলো এবং 'সদ্য বিদায়ী' সরকার, সবাই তাদের অপব্যবহার করেছে। তবে 'সদ্য বিদায়ী' সরকার অনেক বেশি করেছে। সে প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন ইতোপূর্বে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়, যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স, ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, ২০২৫ প্রণয়নে সহায়তা করে। পাশাপাশি কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে।
এর মধ্যে রয়েছে– র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী-কেন্দ্রিক ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কাজ হচ্ছে দেশের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষা করা। আর সেনাবাহিনীর কাজ হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষণ নেওয়া, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা, নতুন নতুন যুদ্ধ কৌশল রপ্ত করা। আইনশৃঙ্খলা রক্ষা করা সেনা কর্মকর্তাদের কাজ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে তাদের প্রত্যাহার করতে হবে। বরং পুলিশের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি এলিট ফোর্স গঠন করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইনুল ইসলাম চৌধুরী জানান, কমিশনে দাখিল করা এক হাজার ৯১৩টি অভিযোগের মধ্য থেকে একাধিকবার করা ২৩১টি অভিযোগ এবং যাচাই-বাছাই শেষে প্রাথমিক তদন্তের পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। ফলে এক হাজার ৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ এবং ৩৬ জনের গুম-পরবর্তী লাশ উদ্ধার হয়।
নিখোঁজদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষীসহ ২২২ জনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি ৭৬৫ জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই রাজনৈতিক ব্যক্তি। তাদের শনাক্তে ডিএনএ পরীক্ষাসহ সম্ভাব্য সব রকম বিষয়ে কমিশন সুপারিশ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশনের অনুসন্ধানে দেখা যায়, প্রায় ২৫ শতাংশ গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩ শতাংশ। এ ছাড়া ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকহারে গুম করেছে। অনেক ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে স্পষ্ট যে, গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসেবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংঘটিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়।
Comments