গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক: খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার
ঢাকা জার্নাল সম্পাদকীয়
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার উত্থান শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি এক গভীর সামাজিক ও রাজনৈতিক রূপান্তরের প্রতিচ্ছবি। গৃহবধূ হিসেবে জীবন শুরু করে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানো - এ যাত্রা যেমন বিস্ময়কর, তেমনি তাৎপর্যপূর্ণও। পুরুষশাসিত, মুসলিমপ্রধান সমাজব্যবস্থায় একজন নারীর এমন উত্থান সহজ ছিল না; বরং এটি ছিল সময়, পরিস্থিতি ও দৃঢ় ব্যক্তিত্বের সম্মিলিত ফল।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপি যখন দিশেহারা ও নেতৃত্বশূন্য, তখনই ইতিহাস খালেদা জিয়াকে সামনে নিয়ে আসে। ১৯৮২ সালের জানুয়ারিতে রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক প্রবেশ ছিল অনেকের কাছেই অনিশ্চয়তার বিষয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি প্রমাণ করেন, তিনি শুধু একটি নাম নন, বরং একটি নেতৃত্বের প্রতিশ্রুতি। চল্লিশের কম বয়সে দলের দায়িত্ব নেওয়া এবং ভাঙনের মুখে পড়া বিএনপিকে সংগঠিত করা ছিল এক সাহসী রাজনৈতিক পদক্ষেপ।
স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলন খালেদা জিয়ার নেতৃত্বকে প্রকৃত অর্থে দৃঢ় ভিত্তি দেয়। দীর্ঘ নয় বছরের আন্দোলনে আপস না করার মানসিকতা তাঁকে 'আপসহীন নেত্রী' হিসেবে পরিচিত করে তোলে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯১ সালের নির্বাচনে জনগণের রায়ে তিনি প্রধানমন্ত্রী হন—স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত সেই নির্বাচন এবং তার ফলাফল গণতন্ত্রের পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়ার ভূমিকা নিয়ে মতভেদ থাকলেও তাঁর রাজনৈতিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। আন্দোলন, ক্ষমতা ও বিরোধী রাজনীতির দীর্ঘ পথে তিনি বারবার সংকট মোকাবিলা করেছেন,কখনো সফলভাবে, কখনো বিতর্কের মধ্য দিয়ে। তবে শেষ জীবনে এসে তাঁর অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। দলীয় সীমারেখা ছাড়িয়ে তিনি অনেকের কাছে পরিণত হন 'জাতির ঐক্যের প্রতীক'-এ।
গত বছরের গণ-অভ্যুত্থানের পর মুক্ত হয়ে দেওয়া তাঁর বক্তব্যে প্রতিশোধ বা প্রতিহিংসার বদলে শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান ছিল তাৎপর্যপূর্ণ। এটি শুধু একজন রাজনীতিকের কথা নয়, বরং দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসা এক রাষ্ট্রনায়কের উপলব্ধি।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তাই কেবল ক্ষমতার হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের গণতন্ত্র, নারী নেতৃত্ব এবং রাজনৈতিক সংগ্রামের এক দীর্ঘ ও জটিল ইতিহাসের প্রতীক। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এই যাত্রা আগামী প্রজন্মের রাজনীতির জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি গভীর বিশ্লেষণেরও দাবি রাখে।
Comments