বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার'-এর যৌথ উদ্যোগে প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক। একই সঙ্গে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গতকাল বুধবার (৭ অক্টোবর) এই মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশিত হয়। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিবেচনা করে আন্তর্জাতিক পর্যায়ে এই তালিকা প্রণয়ন করা হয়।
তালিকায় স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক-গবেষক: ২০২৬ সালের এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ২২ জন কৃতি শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন, তাঁরা হলেন— মো. রাকিবুল হক, আবদুস সালাম, মো. মাহবুবুর রহমান, তসলিম উর রশিদ, মুহাম্মদ ইব্রাহিম শাহ, এম. রেজাউল ইসলাম, সুবর্ণ বড়ুয়া, নেপাল চন্দ্র রায়, মো. কাওসার আহমেদ, সৈকত মিত্র, এম. এ. বি. এইচ. সুসান, মোহাম্মদ মঈনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, শেখ মো. মাহমুদুল ইসলাম, মো. আবদুস সালাম, খন্দকার সামাহের সালেম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আব্দুল মতিন, মো. আব্দুর রাজ্জাক, এ. এস. এম. মাকসুদ কামাল, মো. আবদুর রশীদ এবং অর্ক জ্যোতি চক্রবর্তী।
এই গৌরবোজ্জ্বল অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, 'বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের ২২ জন শিক্ষক-গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি আমাদের গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।'
তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দেশের উচ্চশিক্ষার আঁতুড়ঘরই নয়, বরং জ্ঞান সৃষ্টি ও গবেষণায়ও এটি অগ্রণী ভূমিকা পালন করছে। গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে আমরা গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।'
এদিকে প্রকাশিত মূল্যায়ন অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি গবেষণা প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং তৃতীয় স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
এছাড়া সেরা দশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পঞ্চম অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ষষ্ঠ অবস্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সপ্তম অবস্থানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), অষ্টম অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম অবস্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং দশম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
Comments