দ্বিতীয় দফায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৫ সেপ্টেম্বর
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে 'বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ এই টিকাদান কর্মসূচির জন্য প্রয়োজনীয় টিকার বড় অংশ ইতোমধ্যে ইউনিসেফের মাধ্যমে দেশে এসেছে। বাকি টিকাগুলোও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি জানান, এর আগে পরিচালিত হামের টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম হাতে নেয়। ওই কার্যক্রমের আওতায় নতুন করে প্রায় ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকার দেশে পর্যাপ্ত টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সরকারের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও জোরদার করা হয়েছে।
প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী মোবাইল হাসপাতাল পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়েই যাতে ডেঙ্গু রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
Comments