ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শাখাটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ঠাকুরগাঁও-১ (নির্বাচনী এলাকা-৩) আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
এখন নিয়ম অনুযায়ী শূন্য হওয়া আসনটিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।
Comments