মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর 'ড্যাগ হ্যামারশোল্ড পদক' প্রদান করা হচ্ছে। আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হবে।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বসংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজ হাতে এই সম্মাননা দেবেন।
খেতাবপ্রাপ্ত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীরা হচ্ছেন ১. মো. জাহাঙ্গীর আলম ২. মো. সবুজ মিয়া ৩. মো. মাসুদ রানা ৪. মো. মোমিনুল ইসলাম ৫. শামীম রেজা ৬. সান্ত মণ্ডল
২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত থাকাকালীন এক আকস্মিক ড্রোন হামলায় এই ৬ বাংলাদেশি সেনা সদস্য শাহাদাত বরণ করেন।
পদক প্রদান অনুষ্ঠানের আগে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া, গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই মরণোত্তর পদকে ভূষিত করা হবে।
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক ও পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারার মতো ঝুঁকিপূর্ণ মিশনগুলোতে ২৭৭ জন নারী সদস্যসহ ৪ হাজারেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ১১৮টি দেশের ৫০ হাজারেরও বেশি বেসামরিক, সামরিক ও পুলিশ সদস্য বিশ্বের ১১টি দেশের অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বিশ্বশান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Comments