সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২ জন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ ১২ জনকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ক্যান্টিন বয় এবং বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা উভয়ই রয়েছেন। দগ্ধরা হলেন মনির হোসেন, আল আমিন, নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ এবং বদরুল হায়দার।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা জ্বালানো ছিল। পরে কেউ একজন আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের কার কত শতাংশ পুড়ে গেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানো হয়েছে।।
Comments