রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ চারজন রিমান্ডে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসও রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানকে তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের আবেদন সমর্থন করে বক্তব্য দেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা হচ্ছে—এমন অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর তদন্তের অংশ হিসেবেই তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
Comments