নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুই ভাই স্ত্রীদের খুন করে জঙ্গলে লাশ পুঁতলেন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক কলহের জেরে নিজেদের স্ত্রীদের হত্যা করে পাশের জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে অভিযুক্তদের মা-বাবাকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই গৃহবধূ হলেন মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারী (২০)। এই ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। পাশাপাশি তাঁদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গুমলার পুলিশ সুপার (এসপি) হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, পেশায় অ্যাম্বুলেন্স চালক শিব শঙ্কর সাহু এবং তাঁর ভাই নবীন সাহু গত সোমবার (২৩ নভেম্বর) তাঁদের স্ত্রীদের খুন করেন। হত্যার পর শিব শঙ্কর নিজের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি নির্জন জঙ্গলে নিয়ে যান এবং সেখানে মাটির নিচে পুঁতে রাখেন।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুই জা-এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নিয়মিত ঝগড়া ও বিবাদ চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যদিও পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই দুই নারীর মধ্যকার সেই বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল। এছাড়া সোমবার সকাল ৯টার দিকেও নিহতদের বাবার বাড়ির লোকজন তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তখন সবকিছু স্বাভাবিকই ছিল।
যেভাবে রহস্য উদ্ঘাটন হলো
ঘটনার পরদিন মঙ্গলবার দুই ভাই থানায় গিয়ে দাবি করেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তাঁদের কথায় অসংগতি দেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তাঁরা স্ত্রীদের হত্যার কথা স্বীকার করেন। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তদন্তের স্বার্থে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Comments