ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান
ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা রাজ্য থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। এদিকে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নেয় আকভান। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। শুরুতে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এর সম্ভাব্য আঘাত হানার স্থান সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে চলে আসে।
Comments