নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো বিশেষ ‘পিংক ফোর্স’
দিল্লিতে সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা সামনে আসার পর নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গোয়া পুলিশের আদলে গঠিত বিশেষ বাহিনী 'পিংক ফোর্স' নিয়ে আসার নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু।
রাজধানীতে বিগত প্রায় ১০ দিনের ব্যবধানে নাবালিকাদের ওপর পৃথক চারটি ধর্ষণ ও যৌন নিপীড়নের মর্মান্তিক ঘটনা ঘটে। এর মধ্যে কালকাজি মন্দিরের পাশের আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং সদর বাজার ও স্বরূপ নগরে নৃশংস নির্যাতনের ঘটনা গোটা দেশকে নাড়া দেয়। এসব ঘটনার পরই তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসে প্রশাসন।
দিল্লি পুলিশকে গোয়া পুলিশের মডেল অনুসরণ করে এই বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মূল কার্যক্রম ও লক্ষ্যগুলো হলো:
ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি: স্কুল, কলেজ, মেট্রো স্টেশন, বাজার ও জনবহুল 'হটস্পট'গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের নিয়ে গঠিত এই বাহিনী নিয়মিত টহল দেবে।
'পিংক পেট্রোল' ও 'পিংক স্কুটি': রাত্রিকালীন টহল জোরদার করার পাশাপাশি স্কুটি ও মোটরসাইকেল নিয়ে নারী পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানো হবে।
দ্রুত পদক্ষেপ: সংবেদনশীল সময়গুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।
যদিও এর আগেও দিল্লি পুলিশে নারী সদস্যদের দিয়ে বিট পেট্রোলিং বা স্কুটি টহল দেওয়ার প্রচলন ছিল, তবে নতুন পদক্ষেপে এই পুরো কার্যক্রমকে একটি সুনির্দিষ্ট 'পিংক ফোর্স' কাঠামোর আওতায় আনা হচ্ছে। এছাড়া প্রকাশ্য স্থানে উত্ত্যক্তকরণ বন্ধে 'অপারেশন শিষ্টাচার'-এর অভিযানও অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধুর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
দিল্লি পুলিশের 'জন শুনানি' কর্মসূচিতে প্রাপ্ত প্রতিটি অভিযোগ এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাক করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর সুরাহা করা হবে। প্রতিটি পুলিশ ডিস্ট্রিক্ট একজন নোডাল অফিসার নিয়োগ করবে, যারা স্কুলগুলোতে পকসো (POCSO) আইন, শিশু সুরক্ষা, সাইবার অপরাধ ও মাদকবিরোধী সচেতনতামূলক সেশন পরিচালনা করবে। নিম্নপদস্থ ও নারী পুলিশ সদস্যদের সময়মতো পদোন্নতি এবং সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ শোনার বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments