হরমুজকে মার্কিন ভূখণ্ড করার কথা ‘মজা করে’ বলেছেন ট্রাম্প
হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত মজা করছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদক ব্রায়ান শোয়ার্টজ শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানান
তার দাবি, হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার বিষয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো আলোচনা বা বৈঠক করেননি।
শোয়ার্টজের ভাষ্য অনুযায়ী, নিউইয়র্কে দেওয়া বক্তব্যে ট্রাম্প বিষয়টি নিয়ে মজা করছিলেন। তার বক্তব্যের পরও অবশ্য মার্কিন প্রেসিডেন্ট মন্তব্যটি সত্যি বলেই জোর দেন।
নিউইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে হরমুজ প্রণালি নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।
বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে হাসতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শোয়ার্টজও। তিনি জানান, ওই মন্তব্য করার পর ট্রাম্প হাসছিলেন। তবে পরক্ষণেই নিজের বক্তব্যের গুরুত্ব বোঝাতে তিনি বলেন, 'এটা সত্যি।'
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের সামুদ্রিক প্রবেশাধিকার বর্তমানে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির অবরোধ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না বলে দাবি করেন তিনি।
Comments