আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাঁর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন বলে হাসপাতাল ও পৌরসভা সূত্র জানিয়েছে।
বাদাখশান প্রাদেশিক হাসপাতালের এক নার্স জানান, বোমা বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন। পৌরসভার এক কর্মীও জানান, কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। নিরাপত্তাজনিত কারণে ওই দুই সূত্রের কেউই পরিচয় প্রকাশ করতে চাননি।
এর আগে একই প্রদেশে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফাইজাবাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন। প্রায় তিন সপ্তাহ আগে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আফগানিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশ-খোরাসান।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বাদাখশান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ আহরণকেন্দ্রে পরিণত হয়েছে। গত কয়েক বছরে প্রদেশটির খনি খাত সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে তালেবান সরকার।
তালেবান সরকার দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে দায়েশ-খোরাসান।
চলতি বছরের জানুয়ারিতে মধ্য কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণের দায়ও গোষ্ঠীটি স্বীকার করেছিল। ওই ঘটনায় অন্তত সাতজন নিহত হন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হওয়ার আত্মঘাতী হামলার দায়ও দায়েশ-খোরাসান স্বীকার করে।
Comments