বিশ্ববাজারে ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমল তেলের দাম
বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়ে দুই ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।
আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৯৭ ডলারে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা কমে যেতে পারে। এ আশঙ্কায় ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে।
বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি কম।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি চাহিদার ওপর যুদ্ধের প্রভাব আরও স্পষ্ট হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
Comments