মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি’র গোয়েন্দা প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে পরিচালিত এক হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।
আইআরজিসি'র পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের 'যৌথ সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করা হয়েছে। তবে নিরাপত্তা জনিত কারণে হামলার স্থান বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলমান এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আজ সোমবারের পৃথক হামলায় ইরানে আরও ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জবাবে ইরান ইতিমধ্যে ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ 'হরমুজ প্রণালি'তে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।
Comments