ইতালির মিলানে ভয়াবহ ট্রাম দুর্ঘটনা: ১ জন নিহত, আহত ৩৯
ইতালি ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ৩৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে শহরের মধ্যাঞ্চলে ৯ নম্বর লাইনের একটি ট্রাম নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি ভবনে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে মিলানের জনাকীর্ণ 'ভিয়ালে ভিত্তোরিও ভেনেটো'এলাকায় ৯ নম্বর লাইনের ট্রামটি পিয়াজ্জা ডেলা রিপাবলিকা থেকে পোর্টা ভেনেজিয়ার দিকে যাচ্ছিল। একটি মোড় ঘোরার সময় ট্রামটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয় এবং ফুটপাত অতিক্রম করে রাস্তার পাশের একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় ঢুকে পড়ে। ধাক্কার তীব্রতায় ট্রামটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, নিহত ব্যক্তি ট্রামের যাত্রী ছিলেন না। তিনি একজন ৬০ বছর বয়সী পথচারী, যিনি ফুটপাত দিয়ে চলার সময় নিয়ন্ত্রণহীন ট্রামটির নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় আহত ৩৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম চালকও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মিলান ফায়ার সার্ভিস, কয়েক ডজন অ্যাম্বুলেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রামের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় বেগ পেতে হয়। নিরাপত্তার খাতিরে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং ট্রাম চলাচল সাময়িকভাবে বন্ধ করে বিকল্প রুটে ডাইভার্ট করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত গতির কারণে ট্রামটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। মিলান ট্রান্সপোর্ট কোম্পানি (এটিএম) জানিয়েছে, তারা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। মিলান মিউনিসিপ্যালিটি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
Comments