৬৪ উপজেলায় ৬৪০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক
উপজেলা পর্যায়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 'উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি'র আওতায় প্রথম ধাপে আট জেলার ৬৪ উপজেলায় ৬৪০ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ উদ্যোগ বাস্তবায়ন করবে।
কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
প্রতিযোগিতা নয়, উদ্যোক্তা খোঁজাই মূল লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 'উদ্যোগ' কোনো প্রতিযোগিতামূলক আয়োজন নয়। বরং তফসিলি ব্যাংকগুলোর বিদ্যমান শাখা নেটওয়ার্ক কাজে লাগিয়ে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে।
ব্যবসার ধারণা, সম্ভাব্যতা এবং প্রকৃত অর্থায়নের প্রয়োজন যাচাইয়ের পর নির্বাচিত উদ্যোক্তাদের জন্য অর্থায়নের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট ব্যাংক।
সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন
নির্বাচিত একজন উদ্যোক্তা তার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাওয়ার সুযোগ পাবেন। এই অর্থের ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে।
গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত বা সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন হবে না।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হবে। এতে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন এবং পরবর্তী সময়ে ঋণ পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি থাকবে।
আবেদনের বয়সসীমা ২৮ বছর
কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এ ক্ষেত্রে আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক পরিকল্পনা থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা খাত এবং প্রযুক্তিনির্ভরসহ বিভিন্ন ধরনের বৈধ ব্যবসায়িক উদ্যোগকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।
১৬ সেপ্টেম্বর বিস্তারিত নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা দিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর সার্কুলার জারি করা হবে। সার্কুলার প্রকাশের পর এক মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪ উপজেলায় কর্মসূচিটি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।
পরবর্তী ধাপে দেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ ও মেন্টরিং
নির্বাচিত তরুণদের শুধু অর্থায়নই করা হবে না, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। এর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। সে হিসেবে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতেও 'উদ্যোগ' কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments