৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে সাউথইস্ট ব্যাংকের অংশগ্রহণ
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বৃহত্তর ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন, রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।
বাংলাদেশ ব্যাংকের এই অর্থায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য ব্যবহারের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সাউথইস্ট ব্যাংক।
ব্যাংকটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ উদ্যোগ উৎপাদনশীল খাতে অর্থের প্রবাহ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ধরে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেও এ অর্থায়ন কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
Comments