বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ব্যাংকিং খাতের এই দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় বলে জানান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই উদ্বেগের কথা জানান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলা কমার কোনো সম্ভাবনা নেই, বরং দিন দিন তা আরও বাড়বে। বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য নিরাপত্তা ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি এই খাতকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এদিকে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার অপব্যবহার করে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা এবং হয়রানিমূলক কনটেন্টের প্রচার কোনোভাবেই সহ্য করবে না সরকার। এই ধরনের অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও বিভ্রান্তমূলক কনটেন্ট ছড়ানো রোধ করতে শিগগিরই মেটা ও গুগলের মতো বড় বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।
Comments