নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অধিকাংশ কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৬ জুলাই) বিএসইসির পক্ষ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই বৃদ্ধি 'কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮' এর ১(২)(ক) শর্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে গত বছরের ২৯ জুলাই বিএসইসির নির্দেশনায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার কথা বলা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ও দক্ষ নারী প্রার্থী খুঁজে পাওয়া এবং পর্ষদের সদস্যপদ সংক্রান্ত বর্তমান নিয়ন্ত্রক সীমা মেনে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা বাজার সংশ্লিষ্ট অংশীজনরা জানান। এসব সীমাবদ্ধতা বিবেচনা করেই কমিশন সময় বাড়াল।
বর্ধিত সময়ের মধ্যে সব তালিকাভুক্ত কোম্পানি যাতে শতভাগ পরিপালন নিশ্চিত করতে পারে, সে বিষয়ে অবিলম্বে কোম্পানিগুলোকে বিষয়টি জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।
Comments