দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রাখল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি আবারও দীর্ঘমেয়াদে সর্বোচ্চ 'AAA' (ট্রিপল এ) এবং স্বল্পমেয়াদে 'ST-1' ক্রেডিট রেটিং অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিংয়ের আউটলুক 'স্থিতিশীল' বলে জানিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)।
মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) প্রকাশিত এক মূল্য-সংবেদনশীল তথ্যে এই নির্ভরযোগ্য সূচকটি সামনে আসে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. অলিউল্লাহ খান (এফসিএস) স্বাক্ষরিত প্রতিবেদনটি ৩০ জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনা করে এই রেটিং দিয়েছে ক্রাব। এই রেটিংয়ের মেয়াদ আগামী ৩০ জুন, ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি 'ট্রিপল এ' রেটিং যেকোনো প্রতিষ্ঠানের অত্যন্ত শক্তিশালী আর্থিক সক্ষমতা, সুদৃঢ় মূলধন ভিত্তি, গ্রাহকের দাবি বা দায় পরিশোধের উচ্চ ক্ষমতা এবং যেকোনো ঝুঁকি মোকাবিলায় দৃঢ় অবস্থান প্রকাশ করে। স্বল্পমেয়াদি 'ST-1' রেটিং নির্দেশ করে, স্বল্পমেয়াদি আর্থিক দায়-দেনা পরিশোধে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ও চমৎকার সক্ষমতা রয়েছে।
দেশের বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এই ধারাবাহিক সাফল্য আর্থিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত। এই রেটিং অর্জনের ফলে প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহক, অংশীজন ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে মনে করছেন বীমা সংশ্লিষ্টরা।
Comments