দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করল বাজুস
দেশের বাজারে সোনার দাম আবারও পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এবারই প্রথমবার ভ্যাটসহ সোনার আনুষ্ঠানিক দাম ঘোষণা করেছে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা ভ্যাটসহ এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
আজ বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকাল ১০টা থেকেই নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন ভেদে শুধু তৈরির মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার পুনর্নির্ধারিত দাম নিচে দেওয়া হলো। ২২ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে গত ১৫ জুন এর দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ২১ ক্যারেট ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। গত ১৫ জুন এর দাম ছিল ২ লাখ ১৯,৯৮৩ টাকা। ১৮ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এর আগে এর দাম ছিল ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা। সনাতন পদ্ধতি: ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। গত ১৫ জুন এর দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম বহাল থাকবে।
Comments