এনসিসি ব্যাংকের মুনাফায় বড় লাফ
দেশের বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক গত এক বছরে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। ২০২৫ সাল শেষে ব্যাংকটি রেকর্ড ৪৭৬ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালের (২৩২ কোটি টাকা) তুলনায় দ্বিগুণেরও বেশি। মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৪৪ কোটি টাকা।
গতকাল সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয় এবং আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।
ব্যাংকটির পর্ষদ গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় শেয়ারধারীদের জন্য মোট ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। ব্যাংকটির নথিপত্র অনুযায়ী, এটি ২০১১ সালের পর গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা। সর্বশেষ ২০১১ সালে ব্যাংকটি ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, এনসিসি ব্যাংকের গত বছরের মোট মুনাফার সিংহভাগই অর্জিত হয়েছে বছরের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর)। জানুয়ারি-সেপ্টেম্বর (৯ মাস): মুনাফা ছিল ১৭৩ কোটি টাকা। অক্টোবর-ডিসেম্বর (৩ মাস): মুনাফা করেছে প্রায় ৩০৩ কোটি টাকা।
অর্থাৎ, বছরের প্রথম নয় মাসের তুলনায় শেষ তিন মাসেই মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ। গত ১০ বছরের পরিসংখ্যান বলছে, এটিই ব্যাংকটির ইতিহাসের সর্বোচ্চ মুনাফা।
রেকর্ড মুনাফা ও লভ্যাংশের খবরে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এনসিসি ব্যাংক।
আজ ব্যাংকটির শেয়ারের দাম ৩ টাকা বা ২১ শতাংশ বেড়ে ১৭ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্যাংকটি। দুই কোটির বেশি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩১ কোটি টাকারও বেশি।
উল্লেখ্য, লভ্যাংশ ঘোষণার পরদিন শেয়ারের দামের ওপর কোনো সীমা (সার্কিট ব্রেকার) আরোপিত না থাকায় আজ ব্যাংকটির শেয়ার দরে বড় উত্থান দেখা গেছে।
Comments