২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে ১৩৬ কোটি টাকা লোকসান করেছে। সিগারেট বিক্রি কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় আয়ও উল্লেখযোগ্যহারে কমেছে প্রতিষ্ঠানটির।
গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে বহুজাতিক এই তামাক প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।
গত বছরের ডিসেম্বর শেষে পুরো বছরের হিসাবে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ কম।
লাভ অনেক কমে যাওয়ায় পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর আগের বছর ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটি আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা করবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
মূল্য সংবেদনশীল তথ্যে ২০২৫ সালে লাভ ও লভ্যাংশ কমে যাওয়ার বিস্তারিত কারণ জানায়নি প্রতিষ্ঠানটি। তবে আগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে মহাখালী কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবসায় এক ধরনের চাপ তৈরি হয়।
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সিগারেট বিক্রির পরিমাণ কমে যাওয়া, আবগারি শুল্ক বৃদ্ধি এবং দীর্ঘদিন মহাখালী কারখানা বন্ধ থাকার কারণে আয় কমেছে।
Comments