নরসিংদীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হত্যা: গ্রেফতার ৬
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে নৃশংস হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে অসহায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর হামলা ও লুটপাটের এই অমানবিক ঘটনা এবং পরবর্তীতে তার মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ায় র্যাব।
র্যাব জানিয়েছে, এই নির্মম হত্যাকাণ্ডের ক্লু এবং গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার আদ্যোপান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
Comments