মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও সিভিল ডিফেন্স সম্মিলিতভাবে কাজ করে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।
স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Comments