টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলা: দেশ ছেড়েছেন শিশুর বাবা!
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার বাদী শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় তিনি নিজে এই দাবি করেন।
এসএমএসে রুমি লেখেন, 'আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।' একই সঙ্গে তিনি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলেন।
গত ২১ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে ওই শিশুকে নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর ক্ষুব্ধ বাবা রুমি শিক্ষককে মারধর করেন এবং পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে শিক্ষককে মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মাদ্রাসার পক্ষ থেকে রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি ও ভাঙচুরের পাল্টা মামলা করা হয়। এরপর থেকেই আড়ালে ছিলেন রুমি। তবে তিনি কীভাবে এবং কোন দেশে গেছেন, সে বিষয়ে পুলিশ বা কোনো দায়িত্বশীল সূত্র এখনো নিশ্চিত কিছু জানায়নি।
Comments