গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে এনবিআরের অভিযান
রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন বিপুল পরিমাণ বিদেশি মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত একটি দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। শুল্ক-ভ্যাট ফাঁকি ও অর্থ পাচার রোধের লক্ষ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে সার্বিক সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআর সূত্রে জানা যায়, উচ্চ শুল্কযুক্ত অ্যালকোহল অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই যৌথ অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট অংশ নেয়। ইউনিটগুলো হলো: সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ), মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
সংশ্লিষ্ট আইন অনুযায়ী কাস্টমস আইন-২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং আয়কর আইন-২০২৩-এর ক্ষমতাবলে এই অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘ তিন ঘণ্টার তল্লাশিতে রেস্টুরেন্টটি থেকে বৈধ কাগজবিহীন প্রচুর পরিমাণ অবৈধ অ্যালকোহল ও মদ উদ্ধার করা হয়। তবে জব্দ করা পণ্যের সঠিক তালিকা, রাজস্ব ফাঁকির সুনির্দিষ্ট পরিমাণ এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।
Comments