রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৪৭টি মামলা করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় ২৫০টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এসব পয়েন্টে যানবাহন তল্লাশির পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ৩৪ জন, ওয়ারী থেকে ৬৪ জন, মতিঝিল থেকে ৭৬ জন, তেজগাঁও থেকে ৯২ জন, মিরপুর থেকে ১২০ জন, গুলশান থেকে ৩৭ জন, উত্তরা থেকে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা ও ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দের কথা জানিয়েছে পুলিশ।
এ ছাড়া একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Comments