রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৩৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৬৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪১ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬৩ জন, গুলশানে ৫১ জন এবং উত্তরা বিভাগে ৬০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৩৮৩টি ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
Comments