ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে বিভিন্ন থানায় ৪৪টি মামলা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ১০৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, এক লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
Comments