সিদ্ধেশ্বরীতে পুলিশি অভিযানে ফ্ল্যাটের কার্নিশ থেকে ‘পড়ে’ আসামির মৃত্যু
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোড এলাকার একটি বহুতল ভবনের আটতলার কার্নিশ থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় নজরুলকে ধরতে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধেশ্বরীর বাসায় যায় রমনা থানা পুলিশের একটি দল। পুলিশের কাছে তথ্য ছিল তিনি বাসায় আছেন, কিন্তু প্রাথমিকভাবে ফ্ল্যাটের ভেতরে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
একপর্যায়ে পুলিশ দেখতে পায়, নজরুল তাঁর শোবার ঘরসংলগ্ন কার্নিশে অবস্থান করছেন। পুলিশ তাঁকে নিরাপদে বাসার ভেতরে ফিরে আসার আহ্বান জানালে, মুহূর্তের মধ্যেই তিনি কার্নিশ থেকে নিচে পড়ে যান।
অভিযান পরিচালনাকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল হয়তো আত্মগোপন করতে বা কার্নিশ বেয়ে পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই ফ্ল্যাটে নজরুল ও তাঁর স্ত্রী রওশনারা বেগম থাকতেন এবং তাঁদের একমাত্র ছেলে দেশের বাইরে বসবাস করেন। ঘটনার সময় ফ্ল্যাটেই ছিলেন তাঁর স্ত্রী।
গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments