পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে 'নিউ গ্রিন লাইন এক্সপ্রেস'-এর একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সড়কে উল্টে পড়ে থাকায় কিছু সময় ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটির গতিবেগ কেমন ছিল এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Comments