বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে হামলার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া) চেষ্টার প্রতিবাদে বুধবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে ফেরার পথেই এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি যখন গাড়িতে উঠছিল, তখন একদল যুবক তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে সেখানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায় বলে তারা অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাঙা কাচসহ একটি গাড়ির ছবি পোস্ট করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন: 'সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি।'
হামলার বিষয়ে তিনি আরও বলেন, 'ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।'
বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি।
এনসিপি হামলার দাবি করলেও পুলিশ প্রশাসন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেনি।
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, 'এনসিপি নেতার বহরে হামলা ও কেউ আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং তারা যেন নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারেন, সেজন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছিল।'
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেনি এবং এনসিপি নেতাদের এই অভিযোগ সত্য নয়।
Comments