নীলফামারীতে শহীদ রুমির ৭৫তম জন্মদিনে ১৩ মুক্তিযোদ্ধাকে সম্মাননা
নীলফামারীর ডোমারে বীর বিক্রম শহীদ রুমির ৭৫তম জন্মতিথি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ (রবিবার) সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে 'সাদা-কালো ফোরাম' ও 'নিউজব্যাংক'-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংকের সম্পাদক সালেম সুলেরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। অনুষ্ঠানে এলাকার ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে 'শহীদ রুমি (বীর বিক্রম)' সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ডোমারে খাটুরিয়া গ্রামের কৃতী সন্তান শহীদ রুমির বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা শহীদ রুমির স্মৃতি রক্ষার্থে ডোমার উপজেলার বসুনিয়া হাট সড়কটি তার নামে নামকরণের জোর দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, শমসের আলী, রবিউল ইসলাম রাব্বি ও জসিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী সংস্কৃতিসেবী শেরিনা শরিফ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক এবং চ্যানেল আইয়ের প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধানসহ আরও অনেকে।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শহীদ রুমির দেশপ্রেমের ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা চালানো হয়।
Comments