কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই লড়াই আয়োজনের প্রস্তুতি চলছিল। বরগুনার আমতলী ও কলাপাড়ার চাকামইয়া এলাকার দুটি মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
খবর পেয়ে রোববার রাত থেকেই লড়াই বন্ধে প্রশাসনের তৎপরতা শুরু হয়। সোমবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও 'অ্যানিমেল লাভার্স পটুয়াখালী'-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে সচেতন করেন। পরে তাদের উদ্যোগে নির্ধারিত মহিষের লড়াই বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৪ ও ৬(১)(ছ) ধারায় কোনো প্রাণীকে লড়াইয়ের উদ্দেশ্যে প্ররোচিত করা নিষিদ্ধ। একই আইনের ১৬(ক) ধারায় এ ধরনের অপরাধে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Comments