দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভূগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, শহিদুল, সোহেল, এনামুল এবং আল আমিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুলসহ চার ব্যক্তি ভোট চাইতে ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই নারী তাদের চলে যেতে বলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। ভুক্তভোগী নারী জানান, তিনি ভোটার হননি এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এ বিষয়টি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে চারজনের মধ্যে শহিদুল হঠাৎ শ্লীলতাহানির চেষ্টা করেন। দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায় বলেও থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ সময় নারী চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় কাউকে এ বিষয়ে জানালে ভুক্তভুগীকে তুলে নিয়ে নির্যাতন করার হুমকি দেয়। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments