হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। পরে হিরো আলম বিয়ে করতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায় এবং আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
Comments